নারায়ণগঞ্জ আদালতের আইন কর্মকর্তার পদ থেকে জামায়াতপন্থি সাত আইনজীবী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগকারী আইনজীবীরা হলেন সহকারী জিপি মঈনুদ্দিন মিয়া, অতিরিক্ত জিপি জাহাঙ্গীর দেওয়ান, অতিরিক্ত পিপি নিজাম উদ্দিন, অতিরিক্ত পিপি গোলাম সারওয়ার, অতিরিক্ত পিপি ইসরাফিল হোসাইন, সহকারী পিপি মাসুদুর রহমান ও সহকারী পিপি আক্তার হোসেন।

পদত্যাগের কারণ হিসেবে অতিরিক্ত জিপি জাহাঙ্গীর দেওয়ান বলেন, ‘নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে দায়িত্ব শতভাগ সততার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। বিচারপ্রার্থীদের প্রতিকার দেওয়ার জন্য শতভাগ চেষ্টা করেছি। কিন্তু বর্তমান সরকারের কার্যক্রমের সঙ্গে আমরা একমত পোষণ করতে পারছি না।’

আরও পড়ুন

‘রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এটা সম্মানের’

 

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কিন্তু তারা সরকারে আসীন হওয়ার পর জুলাইকে ভুলে গেছেন। জুলাই সনদ বাস্তবায়ন না করা, স্বাধীন সচিবালয় না করা এবং আইন সচিবালয় ও গুম কমিশন অধ্যাদেশ বাতিল করার কারণে প্রতিবাদ হিসেবে দলীয় সিদ্ধান্তে আমরা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছি। পদত্যাগপত্র গ্রহণও করা হয়েছে।’

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বলেন, ‘পদত্যাগপত্র গ্রহণ করেছি। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মোবাশ্বির শ্রাবণ/এসআর