নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের মৌলিক মানবাধিকার সুরক্ষা এবং প্রয়োজনীয় আইন সংস্কারের দাবিতে আইনমন্ত্রীর কাছে সুপারিশমালা পেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল এসব সুপারিশ তুলে ধরে। এ সময় নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, আইনের কার্যকর প্রয়োগ, আইন সংস্কার এবং নাগরিক হিসেবে নারীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় হয়।
আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নারী নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে বিদ্যমান আইন প্রণয়ন, আইন সংস্কার, আইনের বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের সুপারিশ উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন।
মতবিনিময়কালে মন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা নারী নির্যাতন প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে নারী নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা প্রদানসহ সরকারি ও বেসরকারি সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন
‘হয়তো কেউ বেঁচে আছে’—এই আশায় ৩ বছর, শেষে মিলল শুধু কিছু হাড়
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম ও মো. খাদেম উল কায়েস, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, মন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিদলে ছিলেন- সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, লিগ্যাল এইড উপ-পরিষদের পরিচালক (লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবি) দীপ্তি সিকদার, উপ-পরিচালক অ্যাডভোকেট রামলাল রাহা প্রমুখ।
ইএইচটি/কেএসআর








