টাঙ্গাইলের মির্জাপুরে দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপির এক নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। রোববার উপজেলা বিএনপি এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।

বহিষ্কৃত খন্দকার আমিনুল ইসলাম (মিন্টু) উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপির এক নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘আপনাকে (খন্দকার আমিনুল) দলীয় শৃঙ্খলাবিরোধী ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের জন্য দলীয় প্রাথমিক পদসহ সভাপতি ওয়ার্ড নম্বর ১ (৩) হলিদ্রাচালা পদ হতে, উপজেলা বিএনপির সভাপতি/সম্পাদক মহোদয়ের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিলের জয় উদ্‌যাপনে খন্দকার আমিনুল ইসলামের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, হলুদ রঙের কাপড় পরে গানের তালে তালে খন্দকার আমিনুল নাচতে থাকেন। এ সময় তাঁর গলায় কয়েকটি খালি বোতল ও ছোট আকারের দুটি খালি কনটেইনার ঝোলানো ছিল। ওই কনটেইনার তিনি ছোট লাঠির টুকরা দিয়ে ঢোলের মতো করে বাজাচ্ছিলেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে মুঠোফোনে খন্দকার আমিনুল ইসলাম বলেন, ‘আমি ব্রাজিলের জয়ে আনন্দ করেছি ঠিকই; কিন্তু নারীর কাপড় পরে নয়। আমার হলুদ রঙের একটি পাঞ্জাবি রয়েছে, যা পরে আনন্দ করেছি।’ তিনি বহিষ্কারের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রউফ জানান, আমিনুল ইসলামকে এর আগেও দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে সম্পৃক্ত থাকায় সতর্ক করা হয়েছিল; কিন্তু তিনি সংশোধন হননি। তা ছাড়া দায়িত্বশীল পদে থেকে নারীর পোশাকসদৃশ কাপড় পরে আনন্দ করার বিষয়টি ব্যাপক সমালোচনা হয়েছে। এসব কাজের কারণে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।