এশিয়ান গেমসে একসময় কাবাডিতে পদক নিশ্চিত ছিল বাংলাদেশের। সেই গৌরব হারিয়ে গেছে। হারানো স্বপ্ন আবার ছোঁয়ার আশায় আজ নতুন পথচলা শুরু করছে বাংলাদেশ। সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমস সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী ও পুরুষ কাবাডি দল। নারী দলের পদক পুনরুদ্ধারের লক্ষ্যে নেপালকে প্রতিপক্ষ বেছে নিয়েছে কাবাডি ফেডারেশন। দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আজ শুরু হচ্ছে।
বৃহস্পতিবার বিওএ অডিটোরিয়ামে সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসাবে শুধু নেপালের বিপক্ষে এই সিরিজ নয়, নারী দলকে থাইল্যান্ড সফর এবং পুরুষ দলকে চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ খেলানোর পরিকল্পনাও রয়েছে।







