ভয়াবহ বন্যায় লন্ডভন্ড নেপালে বিপর্যয়ের মাঝে ঘটেছে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার (৩০ আগস্ট) রাসওয়ায় বন্যা থেকে উদ্ধার করার মানুষদের বহনকারী একটি বাস নাওয়ালপুরে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৩২ জন যাত্রী আহত হয়েছেন।
নেপালের জাতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, কাঠমান্ডু থেকে দক্ষিণ-পশ্চিম বর্দিয়া জেলায় যাওয়ার পথে পূর্ব নওয়ালপরাসির ডান্ডায় বাসটি দুর্ঘটনার মুখে পড়ে।
নওয়ালপুর ইস্টের উপ-পুলিশ সুপার অনিল পন্ডিত বিবিসিকে জানান, আহতদের মধ্যে ২৭ জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পাঁচজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
নতুন করে বন্যা সতর্কবার্তা
এদিকে ভোটেকোশী নদীতে পানি বাড়ায় নতুন করে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে নেপালে। রবিবার ভোটেকোশী নদীতে আচমকা পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী ও বন্যাদুর্গত এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির প্রশাসন। রবিবার সকালেই ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের মোবাইলে বন্যা সতর্কবার্তা পাঠানো হয়।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ধরম রাজ উপ্রেতি জানান, উজান থেকে পানির প্রবাহ বৃদ্ধির বিষয়ে চীনা কর্তৃপক্ষ নেপালকে অবহিত করার পর নতুন এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বন্যায় সৃষ্ট পাহাড়ি হ্রদের পানি কিছুটা কমলেও ৫ দশমিক ৬ কিলোমিটার উজানে এখনও প্রায় ১৪ লাখ ঘনমিটার পানি জমে রয়েছে, যা যেকোনো সময় বিপদ ডেকে আনতে পারে।
নেপাল ও তিব্বত সীমান্ত জুড়ে গত বুধবার আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। নেপালের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৭৮৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ২ হাজার ৫০২ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে চীন সীমান্তে ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস







