ঈশ্বরদীতে শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপির দ্বন্দ্ব আবারো প্রকাশ্যে এসেছে। জেলা বিএনপির আহ্বায়ককে অতিথি না করায় সৃষ্ট হামলার প্রতিবাদে বুধবার প্রেস ক্লাব মিলনায়তনে একপক্ষ সংবাদ সম্মেলন করেছে। এর আগে মঙ্গলবার দুপুরে সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদারকে প্রধান অতিথি করায় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ফজলুর রহমান। এ সময় সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জহুরুল ইসলামও উপস্থিত ছিলেন। ফজলুর রহমান বলেন, বিদায় অনুষ্ঠান শুরুর আগেই উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সরদার এবং সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলম প্রামাণিকসহ ১২ থেকে ১৫ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। স্থানীয় বিএনপির দ্বন্দ্বে এমনটা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে অতিথি না করায় তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা নিন্দনীয়।








