নেত্রকোনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ‘নেত্রকোনা নাগরিক অধিকার কমিটি’ এর উদ্যোগে বুধবার বেলা ১২টায় জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, ২০১৯ সালে ৫০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা মেডিকেল কলেজটিতে বর্তমানে প্রায় ৩৩৩ জন শিক্ষার্থী রয়েছে। তবে ৭ বছর পার হলেও এখনো কলেজটির নিজস্ব ক্যাম্পাসের জন্য জায়গা নির্ধারণ করা হয়নি। ফলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের একটি অংশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা শিক্ষার মান ও চিকিৎসাসেবায় নেতিবাচক প্রভাব ফেলছে। বক্তারা দ্রুত কলেজের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ, অস্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ এবং স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।