সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যমগুলোকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, ফ্যাক্ট চেক এবং নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে তথ্য  অধিদফতর।

বুধবার (১৫ জুলাই) সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, সরকারি নিবন্ধনপ্রাপ্ত কিছু গণমাধ্যম ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও বিভ্রান্তিকর কনটেন্টসহ অসত্য সংবাদ প্রকাশ করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের কর্মকাণ্ড বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির পরিপন্থী।

তথ্যবিবরণীতে বলা হয়, ইতোমধ্যে অসত্য সংবাদ প্রকাশের জন্য কয়েকটি গণমাধ্যম ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সংবাদে সংশোধনী প্রকাশ করেছে। সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, পেশাদারিত্ব নিশ্চিত করা এবং ফ্যাক্ট চেক করা প্রতিটি গণমাধ্যমের অবশ্য পালনীয় দায়িত্ব।

এতে আরো বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনির্ভরযোগ্য উৎসকে সংবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করার কারণে অনেক গণমাধ্যম বিভ্রান্তির শিকার হচ্ছে। এর ফলে অপতথ্য ও বিকৃত কনটেন্ট মূলধারার গণমাধ্যমেও ছড়িয়ে পড়ছে। তাই যেকোনো সংবাদ প্রচারের আগে তথ্য যাচাইকে অপরিহার্য বলে মনে করে তথ্য অধিদফতর।

তথ্য অধিদফতর সতর্ক করে বলেছে, এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা নিতে সরকার বাধ্য হবে। পাশাপাশি বেনামী, ভুয়া বা অনিবন্ধিত কোনো মাধ্যমকে সংবাদের উৎস হিসেবে ব্যবহার না করার জন্য সব বৈধ গণমাধ্যমকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে দেশের সব সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং আইপি টিভিকে তাদের স্বাক্ষরিত ডিক্লারেশন ও নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।