কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) গবেষণা সহকারী নোটবুকএলএমের নাম পরিবর্তন করেছে গুগল। এখন থেকে সেবাটি জেমিনাই নোটবুক নামে পরিচিত হবে। একই সঙ্গে গবেষণা ও তথ্য বিশ্লেষণের জন্য এতে যুক্ত হচ্ছে ক্লাউডভিত্তিক কম্পিউটিংয়ের সুবিধা। এর মাধ্যমে জেমিনাই ব্র্যান্ডের অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাগুলোকে আরও সমন্বিত করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
২০২৩ সালে গুগল আই/ও সম্মেলনে প্রজেক্ট টেইলউইন্ড নামে প্রথম এ সেবার ঘোষণা দেওয়া হয়। পরে নোটবুকএলএম নামে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়। গুগলের তথ্যমতে, বর্তমানে বিশ্বের ৩ কোটি ১০ লাখের বেশি মানুষ সেবাটি ব্যবহার করছেন। নাম পরিবর্তন হলেও ব্যবহারকারীদের জন্য তেমন কোনো পরিবর্তন আসছে না। শুধু নতুন নাম ও লোগো যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের সংরক্ষিত নোটবুক, আপলোড করা নথি, নোট, তথ্যসূত্র ও অন্যান্য সুবিধা আগের মতোই থাকবে। ফলে নতুনভাবে কোনো তথ্য স্থানান্তর বা প্রকল্প তৈরি করতে হবে না। নোটবুকএলএম আগে থেকেই জেমিনাই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলে পরিচালিত হচ্ছিল এবং জেমিনাই অ্যাপ থেকেও এটি ব্যবহার করা যেত। এখন এর নাম পরিবর্তনের মাধ্যমে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাগুলোকে একই ব্র্যান্ডের আওতায় আনছে। এর ফলে জেমিনাইকে একটি সমন্বিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার কৌশল আরও স্পষ্ট হলো।
নাম পরিবর্তনের পাশাপাশি জেমিনাই নোটবুকে ক্লাউডভিত্তিক কম্পিউটিংয়ের সুবিধাও যুক্ত করা হচ্ছে। এ সুবিধার মাধ্যমে নোটবুক একটি নিরাপদ ক্লাউড কম্পিউটারে কাজ করতে পারবে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কোড লেখা ও চালানো, বড় তথ্যভান্ডার বিশ্লেষণ, জটিল হিসাব–নিকাশ ও গবেষণাভিত্তিক নানা কাজ স্থানীয় কম্পিউটারের সক্ষমতার ওপর নির্ভর না করেই সম্পন্ন করা যাবে।
এই সুবিধা এত দিন শুধু গুগল এআই আলট্রা গ্রাহক ও নির্দিষ্ট গুগল ওয়ার্কস্পেস ব্যবসায়িক গ্রাহকদের জন্য উন্মুক্ত ছিল। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়েব সংস্করণের গুগল এআই প্রো গ্রাহকদের জন্যও এটি চালু করা হবে বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির মতে, তথ্য বিশ্লেষণ, প্রোগ্রামিং ও গভীর গবেষণার মতো জটিল কাজে ক্লাউডভিত্তিক এ সুবিধা ব্যবহারকারীদের আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ করতে সহায়তা করবে।
এ ছাড়া জেমিনাই নোটবুককে গুগলের অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার কাজ চলছে। জেমিনাই অ্যাপে যুক্ত হওয়ার পর শিগগিরই এটি গুগল সার্চের এআই মোডেও যুক্ত করা হবে। ফলে ওয়েবে তথ্য খোঁজার সময়ই ব্যবহারকারীরা নোটবুকভিত্তিক গবেষণার সুবিধা নিতে পারবেন।
জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে প্রতিযোগিতা বাড়তে থাকায় জেমিনাই ব্র্যান্ডের অধীনে নিজেদের সব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাকে একীভূত করার কৌশল নিয়েছে গুগল। তবে নাম ও লোগো পরিবর্তন হলেও জেমিনাই নোটবুক ব্যবহারের অভিজ্ঞতায় কোনো পরিবর্তন আসবে না। আগের মতোই নিরবচ্ছিন্নভাবে সেবাটি ব্যবহার করা যাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস






