পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের দানবাক্স ভেঙে চুরি হওয়া টাকা উদ্ধার এবং ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মৃদুল হোসেন পাবনা সদর উপজেলার হেমায়েতপুর বুদেরহাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে কে বা কারা আশ্রমের ভেতরে থাকা দানবাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার বাদী হয়ে মামলা করেন। পুলিশ আশ্রমের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিক্তিতে মৃদুল হোসেনকে শনাক্ত করে। 

তিনি আরো জানান, শুক্রবার রাতভর পাবনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মৃদুলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে চুরি করা কিছু টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কি-না তা জানতে মৃদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।