পঞ্চগড়ের বোদায় ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (৪ জুলাই) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বোদা উপজেলার বড়শশী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
রোববার (৫ জুলাই) তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। অসীম বিশ্বাস মাগুরা উপজেলা সদরের রাউতরা এলাকার সুশীল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও বিজিবি জানায়, বোদা উপজেলার বড়শশী সীমান্তের মেইন পিলার ৭৭৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকায় দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন অসীম বিশ্বাস। এসময় বিজিবির টহল দল তাকে আটক করে। কাজের সন্ধানে তিনি অবৈধ উপায়ে ভারতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বোদা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে বিজিবি পাসপোর্ট আইনে থানায় একটি মামলা করেছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশি ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে আমরা তাকে ধরে ফেলি। পরে থানায় একটি মামলা করা হয়। আমরা সীমান্তে অবৈধ উপায়ে কোনো কিছু পাচার, অবৈধ সীমান্ত পারাপারসহ যে কোনো চোরাচালান রোধে তৎপর রয়েছি।।
সফিকুল আলম/এনএইচআর/এএসএম








