বান্দরবান শহরের নিউগুলশান এলাকায় পাওনা মাত্র ৫০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় উচনু মারমা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত উচনু মারমা ওই এলাকার থোয়াইনুচিং মারমার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাওনা ৫০০ টাকা আদায় নিয়ে উচনু মারমার সঙ্গে উচিংনু মারমা ওরফে সেলিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উচিংনু ক্ষিপ্ত হয়ে উচনু মারমাকে বেধড়ক মারধর করেন। এতে উচনু গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত উচিংনু মারমা পলাতক রয়েছেন।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাত্র ৫০০ টাকার বিরোধে উচনু মারমা নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত উচিংনু মারমাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।