পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় আয়োজিত পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ডিবেটিং সংঘ (বাউডিএস)।
শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) সুমনা আল মজিদ।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মো. নাজমুল হুদা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক। তিনি বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার চ্যাম্পিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের সদস্যদের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন।
এসআর








