ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার মাত্র ৪ ঘণ্টা আগে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬ টার দিকে নগরীর কাঁচিঝুলি মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীর নাম তিশা সরকার (১৮)। তিনি ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিশা তারাকান্দা উপজেলার মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত ২ বছর ধরে তিনি কাঁচিঝুলি মসজিদ রোডের ‘নাসা টাওয়ার’ নামের একটি ভবনের ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন। আজ সকাল ১০টা থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে তিশা ওই ৬ তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় ঠিক কী কারণে তিশা ছাদ থেকে লাফ দিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।/