চট্টগ্রামের পটিয়ায় মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে মো. ওসমান গণি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টা ৫৫ মিনিটে পটিয়া থানার ১৬ নম্বর কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর ওস্তাদপাড়া এলাকার একটি মুদির দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ক্য লাহ্ চিং মারমা ও এএসআই (নিরস্ত্র) মো. শামীম ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে জুয়া পরিচালনার সময় ওসমান গণিকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও পাঁচ থেকে ছয়জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামির কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ, একাধিক জুয়ার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া গেছে। এগুলো মামলার তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহৃত হবে।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/২৭ ধারায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধ সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এমআরএএইচ/এমএএইচ/








