চট্টগ্রামের পটিয়ায় সোনিয়া আক্তার (৩০) নামে দুই সন্তানের এক জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও বাবাবাড়ির স্বজনরা মৃত্যুকে রহস্যজনক দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার আনোয়ার শাহ মাজার-সংলগ্ন নিজ বসতবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে সোনিয়া আক্তার সন্তানদের নিয়ে বাড়িতে ছিলেন। পরিবারের সদস্যরা খাবার খেতে এসে শয়নকক্ষে তাকে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত সোনিয়ার শাশুড়ি জানান, সকালে দুই জায়ের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। পরে তিনি বিষয়টি মিটিয়ে দেন। এরপর কোনো একসময় সোনিয়া ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।

তবে ঘটনাটি কেউ প্রত্যক্ষ করেননি। সোনিয়ার স্বামী নুর ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

অন্যদিকে সোনিয়ার ভাই জয়নাল অভিযোগ করেন, যে কক্ষে আত্মহত্যার কথা বলা হচ্ছে সেটি খুবই ছোট ও সংকীর্ণ। তার দাবি, ওই কক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়। তাই তিনি বোনের মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তিনি নিহতের দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

পটিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) যুযুৎস যশ চাকমা বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এমআরএএইচ/বিএ