চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নুর নাহার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেল রুটের পটিয়া থানাধীন শ্রীমাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় রাশেদা বেগম নামে অন্য এক নারী শ্রমিকও গুরুতর আহত হয়েছেন।

নিহত নুর নাহার কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রাজুয়ারঘোনা গ্রামের মো. মালেকের স্ত্রী। আহত রাশেদা একই গ্রামের সমিউদ্দীনের স্ত্রী। দুজনই পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

সূত্রে জানা গেছে, নুর নাহার ও রাশেদা বেগম শ্রীমাই এলাকার একটি জমিতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। জমিতে কাজের ফাঁকে দুপুরে খাবার খেতে যাওয়ার জন্য রেললাইন পার হতে গেলে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।

এসময় ঘটনাস্থলেই নুর নাহারের মৃত্যু হয়। গুরুতর আহত রাশেদা বেগমকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

পটিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার প্রেমা বড়ুয়া জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস শ্রীমাই ব্রিজ এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়েছে।

এমডিআইএইচ/এমআইএইচএস