ময়মনসিংহের ফুলপুরে ফেসবুকে রহস্যজনক পোস্ট দেওয়ার ৭ ঘণ্টা পর বিজয় পাল (২৭) নামের এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজারের কাছে পালবাড়ি এলাকায় নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজয় পাল পালবাড়ি এলাকার সুধাংশু চন্দ্র পালের ছেলে। তিনি ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বিজয় পাল ৯ মাস আগে পারিবারের পছন্দে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বেঙ্গালা এলাকার প্রীতি পালকে বিয়ে করেন। এর কিছু দিন পর শুরু হয় পারিবারিক কলহ। বিজয় অর্থনৈতিক সংকটে ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। দেড় মাস আগে বাবার বাড়ি চলে যান ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী প্রীতি পাল। এর পর থেকে প্রীতি পাল তার বাবার বাড়িতে ছিলেন।

সোমবার রাতে খাওয়া শেষে বিজয় পাল নিজ ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পরেও দরজা না খোলায় পরিবারের লোকজন তাকে ডাকতে থাকেন। বিজয়ের কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি ফিরোজ হোসেন বলেছেন, “৭ ঘণ্টা আগে বিজয় পাল নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমি জেনে বা না বুঝে আপনাদের মনে কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দিবেন’। কার উদ্দেশে এমন পোস্ট দিয়েছেন, তা জানতে তদন্ত চলছে।”

এ ঘটনায় বিজয় পালের বাবা সুধাংশু পাল বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।