ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উদ্‌যাপনকে কেন্দ্র করে ঝিনাইদহে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা। তবে এই উদ্‌যাপন কেবল উৎসবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; শোভাযাত্রা শেষে দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় তহবিল সংগ্রহ করেছেন তারা।শনিবার (১৮ জুলাই) বিকেল পাঁচটায় শহরের উজির আলী হাইস্কুল মাঠ থেকে ‘আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ’-এর উদ্যোগে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।আর্জেন্টিনার আকাশ নীল-সাদা জার্সি পরে এবং দুই দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কয়েক হাজার সমর্থক এই কর্মসূচিতে অংশ নেন। রঙিন বেলুন, ফেস্টুন আর বাদ্যবাজনার তালে তালে ‘লিওনেল মেসি, ভ্যামোস আর্জেন্টিনা’ স্লোগানে পুরো শহর মুখর হয়ে ওঠে। শোভাযাত্রায় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি এম রায়হান, সাবেক খেলোয়াড় আহসান হাবিব রনক, ইমরান হোসেন, ফ্যান ক্লাবের অ্যাডমিন শাহিনুর রহমান লিটন, মেহেদী হাসান জিকু প্রমুখ উপস্থিত ছিলেন।শোভাযাত্রা শেষে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পক্ষ থেকে বন্যার্ত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহ করা হয়। সমর্থকদের কাছ থেকে সংগৃহীত এই অর্থ আস-সুন্নাহ ট্রাস্টের ‘বন্যাদুর্গতদের সহায়তা তহবিলে’ পাঠানো হয়েছে বলে আয়োজকরা জানান।আয়োজকদের ভাষ্য, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করা এবং সমর্থকদের মধ্যে সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধন বজায় রাখতেই এই আয়োজন। উৎসবের পাশাপাশি বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।