পীরগঞ্জে পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে পৌর প্রশাসক ও ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ হকার্স ইউনিয়ন উপজেলা শাখা। এ সময় হকারদের অধিকার নিশ্চিত করতে পৃথক হকার আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। বিক্ষোভে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি কামরুজ্জামান, খেতমজুর সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু ও বীর মুক্তিযোদ্ধা মোখলেছার রহমান বক্তব্য দেন। বক্তারা বলেন, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ এবং হকারদের অধিকার নিশ্চিত করতে পৃথক হকার আইন প্রণয়ন করতে হবে। দেশের লাখ লাখ হকার জীবিকার তাগিদে ফুটপাতে ব্যবসা করছেন। পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান পরিচালনা করলে হাজারো পরিবার জীবিকা হারাবে।

তাই হকারদের কর্মসংস্থান নিশ্চিত করে একটি যুগোপযোগী হকার আইন প্রণয়নের দাবি জানান তারা।