রংপুর-৬ পীরগঞ্জ আসনের জামায়াতের জাতীয় সংসদ-সদস্যের অনুকূলে বরাদ্দকৃত টিআর, কাবিখা ও কাবিটার একাধিক প্রকল্পে ভাগ্নে-ভগ্নিপতি ও নিকট আত্মীয়রা সভাপতি হওয়ায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। জানা গেছে, চলতি অর্থবছরে টেস্ট রিলিফ ৩০ লাখ, কাবিটার ২৫ লাখ টাকা ও কাবিখার ৪০ মে. টন খাদ্যশস্য সরকারের বিশেষ বরাদ্দ পেয়েছেন সংসদ-সদস্য মো. নুরুল আমীন। তার সংসদীয় আসনে বিভিন্ন এলাকায় টিআরের (নগদ অর্থ) ১৪টি, কাবিটার ১১টি ও কাবিখার ৫টিসহ মোট ৩০টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ বিভাজন করে প্রকল্প দাখিল করেন।
সরেজমিন দেখা গেছে, উপজেলার ৯নং সদর ইউনিয়নের তুলারামপুর গ্রামে এমপির বিশেষ বরাদ্দের দুটি প্রকল্পের কাজ চলছে। একটি কাবিখা প্রকল্পে-১০ মে. টন খাদ্যশস্য বরাদ্দে বর্ণিত গ্রামে ইয়াকুব আলীর বাড়ির সামনে ওয়াক্তিয়া নামাজ ঘর উন্নয়ন ও মাঠে মাটি ভরাটকরণ প্রকল্প। এই প্রকল্পের সভাপতি হয়েছেন তার চাচাতো বোনের স্বামী ইয়াকুব আলী। অপর প্রকল্পটি উল্লিখিত গ্রামের ইয়াকুবের বাড়ি থেকে মশফিকের বাড়িগামী রাস্তা সলিংকরণ, ইয়াকুবের পুকুরপাড়ে গাইড ওয়াল নির্মাণ ও মাটি ভরাট। এ প্রকল্পের সভাপতি হয়েছেন সালমান শরিফ শাওন। যিনি অন্য প্রকল্পের সভাপতি ইয়াকুব আলীর ছেলে। এই দুই প্রকল্পের সভাপতি পিতা-পুত্র। তারা দুজনই সম্পর্কে এমপির ভাগ্নে ও ভগ্নিপতি। ৩ লাখ টাকায় মিঠিপুর ইউনিয়নের লাঠমিঠিপুর প্রাথমিক বিদ্যালয় থেকে নাসির দেওয়ানীপাড়া পর্যন্ত রাস্তায় ইটের সলিংকরণ প্রকল্পে সভাপতি হয়েছেন ভাগ্নে আব্দুর রাজ্জাক লিজু। এ নিয়ে সরব আলোচনা-সমালোচনা চলছে সর্বত্র। গ্রামের মঞ্জু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, তুলারামপুর গ্রামে পুরতন জামে মসজিদ রয়েছে। যেখানে নিয়মিত শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। মসজিদটির উন্নয়নের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হলেও সেখানে কোনো বরাদ্দ না দিয়ে স্বজনপ্রীতি করে এমপি তার আত্মীয়স্বজনকে প্রকল্প দিয়েছেন।
সভাপতি প্রকল্প ইয়াকুব আলী বলেন, ‘প্রকল্পে কত টাকা বা কী বরাদ্দ আছে, সেটা আমি জানি না। অফিস থেকে কাজ করতে বলা হয়েছে, তাই কাজ করছি।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজ বলেন, ‘অভিযোগ পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ-সদস্য মো. নুরুল আমীনকে তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে পরে কথা হবে বলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।








