গফরগাঁও উপজেলা ভেঙে আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন পাওয়ার খবরে আনন্দ শোভাযাত্রা করেছে এলাকাবাসী। বুধবার বিকালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গফরগাঁওয়ের কান্দিপাড়া ও পাগলা বাজারে আনন্দ মিছিল বের করে। এরআগে সকাল থেকেই কান্দিপাড়া ও পাগলা বাজার এলাকা পরিণত হয় উৎসবের নগরীতে। নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে আনন্দ মিছিলে। হাতে হাতে ছিল ব্যানার, মুখে ছিল উল্লাস। মিছিলের পাশাপাশি আবির ও রং খেলায় মেতে ওঠেন অনেকে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পাগলা, মশাখালী, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব ইউনিয়নের মানুষ ‘আলাদা উপজেলার’ দাবি করে আসছিলেন এলাকাবাসী। ‘পাগলা’ ও ‘আদর্শনগর’ নাম নিয়ে প্রস্তাবনার বিতর্কের কারণে বাস্তবায়ন আটকে ছিল। স্থানীয়রা বলেন, গফরগাঁও সদর থেকে ২০-২৫ কিলোমিটার দূরে গিয়ে ভূমি, থানা ও আদালতের কাজ করাতে হতো। রাস্তার ভোগান্তি আর সময়ের অপচয় ছিল নিত্যসঙ্গী।