তুমি নেই এই সত্য জেনে
মজনুন আমি সেজদায় তবু
তোমারই নামজারি করি।
তুমি শূন্য মন্দিরের ঘণ্টার ধ্বনি হয়ে
অবজ্ঞার সেরেনাদে কোথায় যে মিলাও!

আমি তবু স্নায়ুর রক্ত ছিঁড়ে
উন্মীলিত কণ্ঠপুঞ্জ তোমার দিকেই মেলে ধরি
হে আমার ব্যর্থতা, হে আমার স্বেচ্ছামৃত্যুর
রক্তশূন্য সেরেনাদ!
তুমি বাজাও তোমার আঙুলের অলৌকিকে
নবম সিম্ফনি; আমি শুনি আর দিন গুনি,
বধির দিনের স্তব্ধতা ছিঁড়ে বাজুক আর্তনাদ!
সেরেনাদ! ওহে মৃত্যুনাদ!