কুড়িগ্রাম সদর উপজেলার চর রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ও ছত্রাকাক্রান্ত পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১০৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। কর্মসূচির নীতিমালা অনুযায়ী ৯৬ জন শিক্ষার্থীর জন্য গত দুই দিন ধরে পাউরুটি সরবরাহ করা হয়। বিতরণের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ দেখতে পায়, সরবরাহ করা পাউরুটির কিছু অংশে পচন ধরেছে এবং ছত্রাক জন্মেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের বলেন, পাউরুটিগুলো বিতরণের সময়ই সমস্যা ধরা পড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নিম্নমানের বা পচা খাবার সরবরাহ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ঘটনার পর অভিভাবকদের মধ্যেও ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ নওশাদ বলেন, স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের বা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ খাদ্য বিতরণ না করার বিষয়ে নিয়মিত নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
The post প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচিতে পচা ও ছত্রাকধরা পাউরুটি বিতরণের অভিযোগ appeared first on ZoomBangla.







