ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণার পর পরিকল্পনায় এসেছে পরিবর্তন। চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ এবার ওটিটি নয়, মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিতব্য ছবিটির শুটিং শুরু হচ্ছে চলতি মাসেই।শুরুতে এটি ওয়েব ফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মস-এর সঙ্গে আলোচনার পর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ছবির বাজেট, গল্প এবং কাস্টিংয়ের ব্যাপ্তি বিবেচনায় বড় পর্দায় মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।সীমান্ত অঞ্চলকে ঘিরে থ্রিলারধর্মী গল্পে নির্মিত ‘শিকার’-এর শুটিংয়ের বড় অংশই হবে নেপালে। প্রাথমিকভাবে গত মার্চে শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে নির্মিত এই সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে একটি গ্ল্যামারাস চরিত্রে। তার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশ।শুটিং শুরুর আগেই ছবির গানের কাজ শেষ হয়েছে। কবির বকুলের কথায় ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। এছাড়া আকাশ মাহমুদের সুর ও কণ্ঠে একটি বিরহধর্মী গানও থাকছে সিনেমাটিতে।
জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে শুটিংয়ের জন্য পুরো ইউনিট নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বে। নতুন পরিকল্পনা অনুযায়ী, বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হবে অপু বিশ্বাসের ‘শিকার’।








