মীরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নে নির্যাতনে অতিষ্ঠ হয়ে নুসরাত জাহান রিয়া নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদুল ইসলাম রিফাতকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার রাতে দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান রিয়ার পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই মো. মোজাম্মেল হোসেন রানা থানায় মামলা করেছেন। মামলায় রিয়ার স্বামী ফরহাদুল ইসলাম রিফাত, ননদসহ চারজনকে আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর ফরহাদুল ইসলাম রিফাতের সঙ্গে নুসরাত জাহান রিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে শ্বশুরবাড়ির সদস্যরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। নির্যাতন সইতে না পেরে রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।