প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে সরকার। রবিবার (৫ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

নতুন কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তাকে সভাপতি করা হয়েছে। তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব। 

সাংবাদিক প্রতিনিধি হিসেবে কমিটিতে রয়েছেন- দৈনিক দিনকালের সম্পাদক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডিইউজে-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জেডনিউজ ডট নিউজের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফা।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে কার্ডসংক্রান্ত আপত্তি, অভিযোগ, শুনানি ও নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সরকারকে সুপারিশ করবে।

২০২৫ সালে প্রণীত নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় স্থায়ী ও অস্থায়ী কার্ডের পরিবর্তে তিন বছর মেয়াদি একক ধরনের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড চালুর বিধান রাখা হয়।