সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, পুলিশের কোনো কোনো কর্মকর্তা ও সদস্যের নাম, পদবি এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব প্রচারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বার্তায় আরও জানানো হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশ পুলিশের কোনো সদস্যের নাম, পদবি বা ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য বা বক্তব্য প্রচার করেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও উল্লেখ করা হয়, একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যে কোনো তথ্য যাচাই-বাছাই না করে পোস্ট, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ বলেছে, সংস্থাটি নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে জনগণের সচেতনতা, সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণ একান্তভাবে কাম্য।

টিটি/এএমএ