রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীম।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে। কমিটির অন্য দুই সদস্য হলেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আরিফুল ইসলাম এবং ভূমি ও আইন প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ আলাউদ্দিন। কমিটিকে ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছনে এবং দুই বিভাগের একাডেমিক ভবনে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।