রাজবাড়ী ময়লার ভাগাড় থেকে বৃহস্পতিবার কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। একই দিনে কুমিল্লার মেঘনা, ঈশ্বরগঞ্জ, নিয়ামতপুর, পূর্বধলা, মঠবাড়িয়া ও বকশীগঞ্জে কৃষকসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান : রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার সদর খাদ্য গুদামের সামনে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে। কুমিল্লার মেঘনা উপজেলার মির্জানগর কদমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বৃহস্পতিবার এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের মিম আক্তার ব্রাহ্মণচর নওগাঁ গ্রামের বাবুল মিয়ার মেয়ে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বাবা-মা জানান, মিম আক্তার বিবাহিত ছিলেন। তার স্বামীর বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর গ্রামে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উচাখিলা বাজারের পাশে কাঁচামাটিয়া নদীর ব্রিজের নিচে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নওগাঁর নিয়ামতপুরে সড়কের পাশে পড়ে থাকা আক্তারুজ্জামান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর-বটতলী সড়কের ‘আইসাতলা’ এলাকা থেকে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। আক্তারুজ্জামান শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া এলাকার মৃত আব্বাস মণ্ডলের ছেলে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দধিভাঙা বাজার সংলগ্ন খাল থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নে গাছের সঙ্গে ঝুলে থাকা মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ইউনিয়নের আইরমারী গ্রামের নিজ বাড়ির কামরাঙা গাছ থেকে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। মোতালেব সরকার আইরমারী গ্রামের মৃত আব্দুল হাই সরকারের ছেলে। নেত্রকোনার পূর্বধলায় গোয়ালাকান্দা ইউনিয়নের লাউগাই গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। হাসি আক্তার শিল্পীর নামে ওই গৃহবধূকে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। হাসপাতাল সূত্র জানায়, গৃহবধূর ঘাড়ের পেছনের অংশে কালো দাগ রয়েছে। জানা যায়, হাসি আক্তার শিল্পী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কাসপাড়ার গ্রামের তারা মিয়ার মেয়ে। ৭ মাস আগে পূর্বধলার শহীদুল্লাহর ছেলে হৃদয় মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।