ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা হয়।
বুধবার (২৬ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানিয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৪০, ওয়ারী বিভাগে ৫৮, মতিঝিল বিভাগে ৬৩, তেজগাঁও বিভাগে ৭১, মিরপুর বিভাগে ১৩৬, গুলশান বিভাগে ৫৭ এবং উত্তরা বিভাগে ৩২ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগে ১০ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি) দুজনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে পুলিশ বিভিন্ন অপরাধে ব্যবহৃত ও সংশ্লিষ্ট আলামত এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে- চারটি মোটরসাইকেল, চারটি সিএনজি, পাঁচটি ভুয়া নম্বরপ্লেট, ১ হাজার ২৬৬টি ভারতীয় শাড়ি, দুটি মনিটর ও আটটি মোবাইল ফোন। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, আটটি চাবি, একটি কাটার কাঁচি ও একটি ছিককিনি উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২১২ পিস ইয়াবা, ৫ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং ৪৪০ বোতল এসকাফ সিরাপ।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






