স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, `একাত্তরে যারা মা-বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মেতে উঠেছিল, সেই রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে। অন্যথায় এই বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে।'শনিবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দী ভূঁইয়া বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নব দিগন্ত ক্লাব’ এই মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, `বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই। আজকের কোমলমতি শিক্ষার্থীদের সামনে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তারা মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য জানতে পারে।'সরকারের নীতি ও উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, `প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ‘সবার আগে দেশ’-এই নীতিতে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, যার সুফল জনগণ পেতে শুরু করেছে।'নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ এবং মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এবং লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহীন মোড়লসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী কৃতী ৪০ জন শিক্ষার্থীর হাতে মেধা বৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
রাজনীতি
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের ডাক দিলেন স্বাস্থ্যমন্ত্রীর

শেয়ার করুন







