রাজশাহীর চারঘাটে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চারঘাট মডেল থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিল ওই কিশোরী। পথিমধ্যে একই গ্রামের এক তরুণ কিছু একটা দেখানোর কথা বলে তাকে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল আরো দুই তরুণ। পরে তিনজন মেলে কিশোরীকে পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

অভিযুক্তরা হলেন- উপজেলার শ্রীখন্ডী এলাকার আনোয়ার হোসেনর ছেলে লিমন ইসলাম, জাহাঙ্গীর আলমের ছেলে শিটু আলম এবং সাবিবুর রহমানের ছেলে শিবা রহমান।

চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।