​রাঙামাটির লংগদু উপজেলায় একটি ইজিবাইক উল্টে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত শিশুর নাম মো. আসলাম (২)। সে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের মীরপাড়া এলাকার বাসিন্দা মো. আল-আমীনের ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে চারজন নিহত শিশুটির পরিবারের সদস্য। তাঁরা হলেন শিশুটির বাবা আল-আমীন (৩৫), মা ইয়াসমিন বেগম (৩০), বোন আঁখি (১১) ও ভাই মোহাম্মদ আবদুল্লাহ (৬)।

আহত অপর দুজন হলেন লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের কালু মাঝির টিলা এলাকার বাসিন্দা মো. হাসানের ছেলে হাফিজুর রহমান (৯) এবং তার নানা আবদুল রশিদ (৭০)। হাফিজুর স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। নানার সঙ্গে ইজিবাইকটিতে উঠে মাদ্রাসায় যাচ্ছিল সে।

​পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিশু আসলামের নানার বাড়ি উপজেলার কালু মাঝির টিলা এলাকায়। সেখান থেকে মা–বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে ইজিবাইকে করে সে নিজের বাড়িতে ফিরছিল। পথে ইজিবাইকটিতে হাফিজুর ও তার নানা আবদুল রশিদ ওঠেন। ইজিবাইকটি বাইট্টাপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় শিশু আসলামসহ সাত যাত্রী আহত হন। তাঁদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে আসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শওকত আকবর খান প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।