রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতাররা হলেন- কেরামা চাকমা (৩৮), লাউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪) ও চামিয়া চাকমা (২৯)।

শনিবার (২৭ জুন) ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি দল মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।

ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, রাঙ্গমাটি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছে। পরে যাত্রাবাড়ী থানার অধীন মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করা হয়।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা সৌদিয়া সিল্কি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চার যাত্রীর কাছ থেকে মোট ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পরস্পরের আত্মীয় বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএনসি।

এ ঘটনায় পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিটি/এমআইএইচএস