রায়পুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনায় পৃথক অভিযোগ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আবদুল বাতেনের লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় আমিন উল্লাহ সৈয়ালের সঙ্গে তার জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার সকালে ওই বিরোধীয় জমির সামনে দিয়ে ইট বহনকারী ট্রলি বাড়িতে নেওয়ার সময় আমিন উল্লাহর ছেলে ইউসুফের নেতৃত্বে ১০-১২ জন বাধা দেন। এর প্রতিবাদ করলে পিটিয়ে পাঁচজনকে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের মধ্যে আবদুল বাতেন ও তার স্ত্রী জাহানারা বেগমকে উদ্ধার করে রায়পুর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবদুল বাতেন। অভিযুক্ত আমিন উল্লাহ সৈয়াল ও তার ছেলে ইউসুফ বলেন, ‘আদালতে মামলা চলাকালীন অবস্থায় আমাদের জমি দখল করে ঘর করতে চেয়েছিলেন আবদুল বাতেন। এ সময় বাধা দেওয়ায় আবদুল বাতেন আমাদের ওপর হামলা করেন। এতে তিনজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আটজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আমিন উল্লাহ। থানার ওসি শাহীন মিয়া বলেন, জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় দুপক্ষই লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








