রায়পুরে বিএনপি নেতার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চাঁদা দাবি করা সাবেক যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা। বুধবার উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি ভুক্তভোগী শাহজাহান কবিরাজ উত্তর চরবংশী গ্রামে এ সংবাদ সম্মেলন করেন। এসময় শাহজাহানের অংশীজন মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন। বিএনপি নেতা শাহজাহান কবিরাজের ভাষ্যমতে, তার ক্রয় করা ৫৮ শতাংশ জমি পরবর্তীতে বিক্রি করেছেন। এখন সাবেক যুবদল নেতা জাকির, তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরসহ একটি চক্র তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছেন। এখানে জমি বেচাকেনা হলেই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদাবাজি করেন। চাঁদা না পেলে তারা মালিকদের জমি দখলে নিতে দেন না। প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়। অভিযুক্ত জাকির উত্তর চরবংশী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘একই স্থানে আমরাও জমি কিনেছি। এখন শাহজাহান বলছেন, তারাও জমি কিনেছেন। এ নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব রয়েছে। তাদের কাছ থেকে কেন চাঁদা চাইতে যাব? আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দিচ্ছেন। হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক বলেন, জাকির হোসেন একটি মামলা করেছে শাহজাহানের বিরুদ্ধে। ঘটনাটি জমিসংক্রান্ত। তবে চাঁদা দাবির বিষয়ে শাহজাহান কোনো অভিযোগ দেননি।