নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ববি বেগমের মৃত্যু হয়।
এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে এবং তাঁর দীর্ঘদিনের সঞ্চিত অর্থ লুট করে নিয়ে যায়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। হামলা ও লুটের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ববি বেগমের পাশে দাঁড়ায়।
স্টেশন সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে নেমে মেথিকান্দা রেলস্টেশনেই থেকে যান ববি বেগম। এর পর থেকে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষই ছিল তাঁর আশ্রয়। তিনি বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা তাঁকে খাবার ও আর্থিক সহায়তা দিতেন। সেই সহায়তার বেশির ভাগই তিনি জমিয়ে রাখতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সঞ্চিত অর্থ লুট করতেই দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।








