কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের চার বছর পেরিয়ে গেলেও খুনিরা শনাক্ত ও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (৭ জুলাই) কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিক ও পেশাজীবী সংগঠনগুলোর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। হাসিবুর রহমান রুবেল স্থানীয় দৈনিক ‘কুষ্টিয়ার খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক ‘আমাদের নতুন সময়’-এর জেলা প্রতিনিধি ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রুবেল নিখোঁজ হওয়ার কয়েক দিন পর তার লাশ পাওয়া গিয়েছিল। এই নৃশংস ঘটনার ৪বছর পার হলেও এখন পর্যন্ত পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসন প্রকৃত রহস্য উদঘাটন করতে পারেনি। দেশে সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তারই প্রতিফলন এই দীর্ঘসূত্রতা। এই বিচারহীনতা স্বাধীন সাংবাদিকতার পথকে বাধাগ্রস্ত করছে।কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়ের রিপন, দৈনিক খবরওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল এবং সাংবাদিক শাহরিয়ার ইমন রুবেলসহ অনেকে।​সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত শেষ করে প্রকৃত আসামিদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন জেলার সাংবাদিক নেতারা।/