বান্দরবানের রুমায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান। এর আগে, দিনের পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো- সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেকটংশে পাড়ার শৈলুং খুমীর ছেলে পলি খুমী (৯) ও তয়সাং খুমীর মেয়ে নাতয়ই খুমী (৬)।
পাড়ার বাসিন্দাদের অভিযোগ, পাড়ার অনেক শিশুর হামের উপসর্গ রয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে এখনো কোনো চিকিৎসক বা মেডিকেল টিম পৌঁছায়নি।
রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান বলেন, দুর্গম পাড়ায় হামের উপসর্গ প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এটা সত্য। তবে যেসব পাড়ায় হামের প্রাদুর্ভাবের তথ্য পাওয়া যাচ্ছে—সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীদের পাঠিয়ে টিকা কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি বলেন, গত মার্চ থেকে আজ পর্যন্ত রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯০ জনের মত শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমানে ১৪ জন শিশু ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।
এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল হাসান বলেন, হামের প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের যেমন দায় আছে, একইভাবে দুর্গম পাহাড়ে বসবাসকারী ম্রো ও খুমী সম্প্রদায়ের মানুষেরাও টিকা নিতে অনীহা বড় কারণ।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বীথি বলেন, দুর্গম পাহাড়ে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর খবর পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।








