২৩ বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায়। সেখানে অস্ট্রেলিয়া একাদশের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদশ দল। যদিও ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারছে না সফরকারীরা। দ্বিতীয় দিনের খেলা শেষে ৭৯ রানে পিছিয়ে বাংলাদেশ দল। তবে বল হাতে ৪ উইকেট নিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছে পেসার হাসান মাহমুদ।
কিছুদিন আগেই কাউন্টি খেলে আসা পেসার হাসান অস্ট্রেলিয়ার মাটিতেও বল হাতে আলো ছড়াচ্ছেন। গতি, সুইং ও বাউন্স দিয়ে দিশেহারা ক্রেছেন অস্ট্রেলয়া একাদশের ব্যাটারদের।
৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে হাসান বলেন, ‘সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুবই ভালো শুরু করেছি এবং বোলাররা খুবই ভালো লাইন এবং লেন্থ মেইনটেইন করে বোলিং করেছে। এখানকার কন্ডিশন খুবই ভালো, বাউন্স এবং সুইং হচ্ছে। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে, আমরা বোলিং ইউনিট হিসেবে সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছি।’
কাউন্টিতে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন তিনি অস্ট্রেলিয়াতেও। দুই কন্ডিশনেই পেসাররা ভালো করেন। সেই অনুযায়ী বোলিং করেছেন তিনি। তার ভাষায়, ‘আমি বিশেষ করে লন্ডনে ইউকের যে কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার কন্ডিশন, দুইটাকেই বলবো একই কন্ডিশন। আমি দুইটাতেই বোলিং করতে অনেক এনজয় করি এবং চেষ্টা করি লাইন মেইনটেইন করে সুইং ধরে রাখতে। নতুন বলে যদি দ্রুত উইকেট পাই, সেই মেন্টালিটি নিয়েই বোলিং করি এবং চেষ্টা করেছি সেটা মেইনটেইন করার।’
উল্লেখ্য, প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির পরও বাংলাদেশ দল ২৬৩ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ৩৫৫ রান করে অলআউট হয়েছে স্বাগতিকরা। শেষ বিকালে ব্যাটিং করতে নেমে বোর্ডে ১৯ রান যোগ হতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৬ রান করে সাজঘরে ফিরেছেন সাদমান ও মুমিনুল। ৭ রান করে অপরাজিত আছেন তানজিদ হাসান তামিম।
এসকেডি/আইএন








