বঙ্গবাজার কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
আদালত সূত্র জানায়, গত ৪ জুন শাহবাগ থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাইনুল ইসলাম খান পুলক আফজাল হোসেনকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করা হয়। নির্ধারিত দিনে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমতি নিয়ে বঙ্গবাজার কমপ্লেক্সে ২ হাজার ৩৭০ জন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযোগে বলা হয়েছে, ২০০৮ সালের পর আফজাল হোসেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হওয়ার পর মার্কেট পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত দোকান বরাদ্দ দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৭ সালে পুরোনো মার্কেট ভেঙে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও দোকান মালিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে মার্কেট উচ্ছেদের উদ্যোগের বিরুদ্ধে ব্যবসায়ীরা উচ্চ আদালতে রিট করলে আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
বাদীর অভিযোগ, আদালতের ওই আদেশে পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ায় ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে পরিকল্পিতভাবে বঙ্গবাজারে আগুন লাগানো হয়। এতে প্রায় ৫০০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
ঘটনার প্রায় দেড় বছর পর, ২০২৪ সালের নভেম্বরে ব্যবসায়ী কামাল হোসেন রিপন শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গত বছরের মার্চে মেহেরপুর শহর থেকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে অন্য মামলায় কারাগারে রয়েছেন।
এমডিএএ/এমএএইচ/








