সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনার ঠিক আগেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে সন্দেহের চোখে দেখছে পুলিশ। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সাভারের বিস্ফোরণ স্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে, সেটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত। খবর পাওয়ার পর আমি নিজে এসপি ঢাকা থেকে এখানে চলে এসেছি।’তিনি জানান, এনসিপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশ সদস্যরা ছিলেন। তিনি বলেন, ‘বক্তৃতা চলাকালে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত, হওয়ার কথা ছিল না।’পুলিশ সুপার জানান, মঞ্চে থাকা নেতা নাহিদ ইসলাম, সারজিস আলমসহ এনসিপির শীর্ষ নেতাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। তারা বর্তমানে সাভার থানায় আছেন।বিস্ফোরণের পূর্ব মুহূর্তে বিদ্যুৎ চলে যাওয়া প্রসঙ্গে এসপি বলেন, ‘আমরা জানতে পেরেছি, তৎক্ষণাৎ বিদ্যুৎ চলে যায়। সে বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করছি। এটাকেও সন্দেহের বাইরে রাখছি না। কেন ওই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল, সেটি গুরুত্বপূর্ণভাবে দেখছি।’ তিনি আরও বলেন, ‘তদন্তের অনেক বিষয় থাকে। কোনো কিছুই আমরা সন্দেহের বাইরে রাখি না।’এ ঘটনায় ঢাকা জেলার দুইজন অতিরিক্ত পুলিশ সুপার ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- প্রধান হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম, সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।এসপি জানান, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে কমিটি সদস্য সংখ্যা বাড়াতে পারবে।এ ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি, জুলাই যোদ্ধা মো. ইউনুস আলী ও আজহারুল ইসলাম তামিম বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন। বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ সুপার জানান, এনসিপি ৬টায় সমাবেশ শুরুর অনুমতি চেয়েছিল। কিন্তু তারা রাত ৮টা ৪৫ মিনিটে সভাস্থলে আসেন এবং বক্তব্য শুরু করেন। এর কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায় এবং বিস্ফোরণ ঘটে।এর আগে রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির পদযাত্রা পরবর্তী সমাবেশ চলছিল। সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটায়।বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে তাঁরা আহত হননি।ঘটনার পর নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল করেন নেতাকর্মীরা। পরে তিনি আহতদের দেখতে হাসপাতালে যান।