সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে।

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেছে দলটি।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

ছবি: ভিডিও থেকে নেওয়া

ইয়াসির আরাফাত বলেন, “বিস্ফোরণের সময় সমাবেশের মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।”

এ ঘটনায় দুই জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। 

তিনি বলেন, ‍“সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণে দুই জন আহত হয়েছেন। তাদের এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।”

তবে প্রাথমিকভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।