সুনামগঞ্জের ধর্মপাশায় সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পূর্ণ রানী দাস (১০) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা সদরের ধর্মপাশা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পূর্ণ রানী দাস ওই গ্রামের স্বপন দাসের মেয়ে। সে স্থানীয় ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর একটার দিকে পূর্ণ রানী তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তার সহপাঠীরা চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পূর্ণ রানীকে মৃত ঘোষণা করেন।ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটি সহপাঠীদের সঙ্গে পুকুরে নামার পর এই দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।