বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার ফরেস্ট রিজার্ভ সংলগ্ন সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।

পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। তার পরনে ছিল কালো প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা এবং সংগঠনটির লোগো রয়েছে।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ও মনির জানান, মঙ্গলবার বিকেলে কয়েকজন স্থানীয় ব্যক্তি গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে পানিতে মরদেহটি ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি কুয়াকাটা নৌ পুলিশকে জানালে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশের ধারণা, মরদেহটি সমুদ্রে নিখোঁজ কোনো ব্যক্তি বা ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কোনো জেলের হতে পারে। তবে এখনো এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম