বার্ষিক পার্কিং চার্জ কমানোর দাবিতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও করেছেন অটোরিকশা, ভ্যান ও ইজিবাইকের মালিক ও চালকেরা। আজ সোমবার বেলা ১১টার দিকে সৈয়দপুর পৌরসভা কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। তাঁরা সৈয়দপুর পৌরসভার বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা নির্ধারণের দাবি জানান।
বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে শতাধিক শ্রমিক ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। পরে তাঁরা পৌর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সীমিত আয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই সৈয়দপুর পৌরসভায় বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকা নির্ধারণ করায় তাঁরা অতিরিক্ত আর্থিক চাপে পড়েছেন। শ্রমিকদের দাবি, নীলফামারী সদরসহ জেলার অন্যান্য পৌরসভায় একই ধরনের যানবাহনের বার্ষিক পার্কিং চার্জ এক হাজার টাকা হলেও শুধু সৈয়দপুর পৌরসভায় দুই হাজার টাকা আদায় করা হচ্ছে, যা বৈষম্যমূলক এবং স্বল্প আয়ের শ্রমিকদের জন্য কষ্টসাধ্য।
রংপুরশ্রমিকনেতারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অতিরিক্ত পার্কিং চার্জ পরিশোধ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সৈয়দপুর পৌরসভার বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা নির্ধারণ করতে হবে। দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তাঁরা বলেন, অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।








