নীলফামারীর সৈয়দপুর তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকালটা ছিল অন্য দিনের মতোই। জাতীয় সঙ্গীত, পিটির পর যথারীতি ক্লাস শুরু হলো ক্ষুদে শিক্ষার্থীদের। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলাতে থাকল পরিবেশ। শিক্ষার্থীরা একজন, দুজন করে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সুখবর নিয়ে আসতে থাকল। সঙ্গে এল মিষ্টি, শিক্ষকদের জন্য ফুল। পুরো স্কুলে বইতে লাগল আনন্দের বন্যা। এক পর্যায়ে দেখা গেল, বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে।
এত শিক্ষার্থীর একসঙ্গে বৃত্তি পাওয়ার খবরে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকরাও। দিনের পর দিন যাদের জন্য শ্রম আর মেধা খাটিয়ে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে গড়ে তুলছেন মানুষ হওয়ার জন্য, তাদের সাফল্য দেখে অনেকের চোখেই আবার ছিল আনন্দাশ্রু।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মমিনুর রহমান খান বলেন, ৪০ শিক্ষার্থীর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুলে এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি পেয়েছে এই প্রতিষ্ঠানটি থেকে।
প্রধান শিক্ষক বলেন, `শিক্ষকদের কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান তদারকি এবং অভিভাবকদের সচেতনতার কারণেই আজ আমাদের বিদ্যালয় থেকে একসঙ্গে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার এই ঐতিহাসিক রেকর্ড গড়তে পেরেছে। আমরা এই সাফল্যের ধারা ভবিষ্যতে বজায় রাখতে বদ্ধপরিকর।'
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বিদ্যালয়টির ৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উল্লেখিত ৪০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।








