টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের এক দিন পর ডোবা থেকে ইসরাত জাহান পারভীন (৪৬) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় জাকির আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ জুলাই গাজীপুর আদালত এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সখিপুর থানা-পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার জাকির আহমেদ সখিপুর পৌর বিএনপির সাবেক এক সভাপতির ছোট ভাই বলে জানা গেছে। পুলিশ জানায়, ইসরাত জাহান হত্যার রহস্য উদ্‌ঘাটনে জাকিরকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বর্তমানে তার রিমান্ডের দ্বিতীয় দিন চলছে।গত ১ জুলাই সকালে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি নালার ডোবা থেকে ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন তিনি নিখোঁজ হয়েছিলেন। তদন্তের ধারাবাহিকতায় সন্দেহভাজন হিসেবে জাকিরকে গ্রেপ্তার করা হয়।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত জানানো যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।’