বরিশালের বাবুগঞ্জে চুরির অপবাদ দিয়ে রাতভর তিনজনকে নির্যাতনের সংবাদ ২৮ জুন যুগান্তরে প্রকাশের পর ইউনিয়ন বিএনপি নেতারা সালিশ বৈঠকের উদ্যোগ নেয়। স্থানীয় সূত্র জানায়, ভাইয়ের মেয়ে অপহরণ মামলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পক্ষের লোকজন গরু চুরির অপবাদ দিয়ে তিনজনকে আটক করে রাতভর নির্যাতন করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে ২নং কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় হল রুমে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে সিদ্ধান্ত হয় শাহ আলম মৃধা তুচ্ছ ঘটনা নিয়ে পরিকল্পিতভাবে আলমগীর মল্লিক ও তার স্ত্রী ছেলে ধরে নিয়ে রাতভর নির্যাতন করার অপরাধে চিকিৎসা বাবদ শাহ আলম মৃধাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নির্যাতনে শিকারদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং উভয় পক্ষকে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।








